সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ বাড়লেও কমেছে পাসের হার

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ বাড়লেও কমেছে পাসের হার। এ বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।

সোমবার (১০আগস্ট) সিলেট শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর এই ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এ বছর সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন। ফলে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২২২ জন।

জানা যায়, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৮৮৯ জন ছেলে এবং ৩২ হাজার ৬৮ জন মেয়ে। এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে শিক্ষাবোর্ডে।

গত বছর সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। ফলে এবার পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। তবে পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণক প্রফেসর বিলকিস ইয়াছমীন, কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক প্রমুখ।