পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতেই উৎসবে রূপ নিল মতিঝিল আইডিয়াল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনটি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরিণত হয় এক আনন্দমুখর উৎসবে। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের খবরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের আবেগ আর শিক্ষকদের গর্বে ভরে ওঠে পুরো ক্যাম্পাস।

সরেজমিনে দেখা যায়, সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জেনে মা-বাবাকে সঙ্গে নিয়েই দলে দলে শিক্ষার্থীরা ছুটে আসে প্রতিষ্ঠানে।

তাদের বরণ করে নিতে স্কাউট সদস্যরা বাদ্যযন্ত্র বাজিয়ে তৈরি করেন উৎসবের আবহ। ঢাকের তালে তালে আনন্দ ভাগাভাগি করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।

গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অনেকেই সহপাঠীদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। কেউ স্মৃতিবন্দি করতে ব্যস্ত ছবি তোলায়, আবার সন্তানের সাফল্যে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অভিভাবক।

এবার প্রতিষ্ঠানটি থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন উনাইশা বিনতে শামস। ফল প্রকাশের পর মা সানজানাকে সঙ্গে নিয়ে কলেজে আসেন তিনি। মেয়ের সাফল্যে আবেগাপ্লুত সানজানা বলেন, ‘আলহামদুলিল্লাহ, মেয়ের এই ফলাফলে আমি ভীষণ খুশি। তার পরিশ্রমের ফল নিজের চোখে দেখতে পেরে শান্তি লাগছে।’

একইভাবে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সাদিয়া ইসলামও মাকে সঙ্গে নিয়ে স্কুলে এসে আনন্দ ভাগাভাগি করেন সবার সঙ্গে। দিনটি তাদের কাছে শুধু ফল প্রকাশের নয়, বরং অর্জনের আনন্দ উদযাপনের দিন হয়ে ওঠে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পাসের হারে সবচেয়ে এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ।