অস্ট্রেলিয়ার ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।’ ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার।
তিনি বলেন, খেলোয়াড়দের চ্যালেঞ্জিং মেন্টাল স্ট্রেন্থ, অসাধারণ টিম স্পিরিট, সহনশীলতা ও পারফরম্যান্সের মাধ্যমেই এই অবিস্মরণীয় জয় সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমী জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
তিনি আশা প্রকাশ করেন, এই জয়ের ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদাকে আরও উচ্চতায় নিয়ে যাবেন এবং দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবেন।
ডা. শফিকুর রহমান বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রসঙ্গত, ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।





