রাজধানীর শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম অলি নূর (২৪)। গতকাল রবিবার সকাল ১০টার দিকে পুরনো বাণিজ্য মেলার মাঠের পাশের সড়কে তিনি দুর্ঘটনার শিকার হন।
তার বন্ধু আরিফুর রহমান বলেন, একটি ব্যাটারিচালিত রিকশা হঠাৎ মোড় ঘুরে নূরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। ওই সময় পেছন থেকে আসা আইসক্রিমবাহী কাভার্ড ভ্যান ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অলি নূর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে মোহাম্মদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাটি ঘটে। রবিবার বিকালে ময়নাতদন্ত ছাড়াই অলি নূরের লাশ নিয়ে যান স্বজনরা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





