সুখবর দিয়েছেন সংগীতশিল্পী অনুপম রায়। পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। মা হয়েছেন তাঁর স্ত্রী ও সংগীতশিল্পী প্রস্মিতা পাল।
সোমবার দুপুরে তাঁদের কোলজুড়ে এসেছে নতুন অতিথি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিষ্টি পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবরটি জানিয়েছেন অনুপম। তিনি লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা।”
অনুপম জানিয়েছেন, মা ও ছেলে দুজনেই ভালো আছেন। বাবা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত এই গায়ক।
প্রস্মিতা অন্তঃসত্ত্বা হওয়ার খবর এতদিন গোপনই রেখেছিলেন। এমনকি ঘনিষ্ঠজনদের অনেকেই বিষয়টি জানতেন না। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অনুপম। প্রস্মিতাও কাজের বাইরে খুব বেশি গণমাধ্যমের সামনে আসেন না।
নতুন অতিথিকে ঘিরে অনুপম-প্রস্মিতার জীবনে এখন বইছে আনন্দের হাওয়া।





