বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে বুধবার (১৯ আগস্ট) প্রাথমিক লেনদেনে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার সাম্প্রতিক উচ্চতা থেকে কিছুটা কমে আসায় এ দাম বাড়ার পেছনের কারণ। তবে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীর দিকে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪২ দশমিক ৩৩ ডলারে দাঁড়ায়। এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছিল।

অন্যদিকে, ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৬ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের নজর এখন ফেডের বৈঠকের কার্যবিবরণীর ওপর। সেখানে সুদের হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অবস্থান এবং ভবিষ্যৎ নীতির সম্ভাব্য দিকনির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলতে পারে।

সাধারণত যুক্তরাষ্ট্রের সুদের হার ও ট্রেজারি বন্ডের ফলন কমলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে। ফলে ফেডের পরবর্তী নীতি নিয়ে যে কোনো ইঙ্গিত মূল্যবান ধাতুটির বাজারে নতুন করে প্রভাব ফেলতে পারে।