প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘তৃণমূলের স্বাস্থ্যকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। প্রতিটি ইউনিয়নে হেলথ হাব এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে হেলথ ওয়েলবিং সেন্টার চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।’
রোববার (২৩ আগস্ট) বিকেলে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হেলথ হাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এক ছাতার নিচে পাওয়া যাবে। সেখানে চিকিৎসক পদায়ন করা হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করবেন এবং স্তন ও জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তে কাজ করবেন।
মেডিকেল কলেজে শিক্ষক সংকট ও আইসিইউ প্রসঙ্গে তিনি বলেন, দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে বন্ধ থাকা আইসিইউ এবং নতুন মেডিকেল কলেজ চালু করা হবে। সেবার মান বাড়ানোর পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





