নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়াতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেপালকে সহায়তার জন্য আমরা প্রস্তুত আছি।
তারা যখনই চাইবেন, তখনই সহায়তা দেওয়া হবে।
ড. খলিলুর রহমান বলেন, আজকে সকালবেলা নেপালের পররাষ্ট্রমন্ত্রীর শিশির খানালের সঙ্গে কথা হয়েছে।
নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সমবেদনা ও শোক জানিয়েছি। তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার প্রস্তাব করেছি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী জানান,ফোনালাপে নেপালের মন্ত্রী বলেছেন- তারা এখন অ্যাসেস করছেন যে কী কী ড্যামেজ হয়েছে এবং কী ধরনের সহায়তা তাদের প্রয়োজন। আজকে সন্ধ্যা কিংবা কালকের ভেতরে উনি বিষয়টি আমাদেরকে জানাবেন। আমরা তৈরি আছি।
নেপালের সহায়তার জন্য বাংলাদেশের কোনো ফ্লাইট রেডি করা হচ্ছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা হচ্ছে ওনারা যখন বলবেন তখনই। আমরা প্রস্তুত আছি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশি এখনও আমরা কারো নাম পাইনি। বাংলাদেশি কারো খোঁজ পাওয়া গেলে, জীবিত বা মৃত অবস্থায়, আমরা তাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করব এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।





