র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রুনা খান। তিনি বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। সম্মানজনক এই পুরস্কার‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত।
সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন চলতি বছরের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে।
চলতি বছর রুনা খানের সঙ্গে আরও দুজন এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন- সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি।
এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে ৬৮তম র্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো। এই উৎসবের সমাপনীপর্বে হবে আগামী ১৫ নভেম্বর। ওইদিন ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে পুরস্কারজয়ীদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে।
প্রসঙ্গত,র্যামন ম্যাগসাইসাই ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যান। একই বছর র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী বছর অর্থাৎ ১৯৫৮ সাল থেকেতার নামে এই পুরস্কার দেয়া শুরু হয়।
৩১ আগস্ট র্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিন। প্রতিবছরের তার জন্মদিনে ম্যানিলা থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়।





