টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নং ১’-এর নতুন সিজনে সঞ্চালক হিসেবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিষেক নিয়ে শুরুতে দর্শকদের মধ্যে নানা প্রশ্ন থাকলেও, তাঁর সঞ্চালনায় এখন প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। সেই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা বোস।
সম্প্রতি ‘দিদি নং ১’-এর নতুন সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন ঐন্দ্রিলা। অনুষ্ঠানে স্বস্তিকার সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। সেখানে স্বস্তিকার ব্যক্তিত্ব ও ব্যবহারের প্রশংসা করেন এই অভিনেত্রী।
ঐন্দ্রিলা লিখেছেন, ‘আমার সহ-প্রতিযোগীদের সঙ্গে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার প্রিয় অভিনেত্রী ও একজন অসাধারণ মানুষ স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে দারুণ সময় কেটেছে।’
স্বস্তিকার সঙ্গে কাটানো সময়ের কথা উল্লেখ করে ঐন্দ্রিলা আরও বলেন, ‘আপনি সত্যিই আমার মন জয় করে নিয়েছেন। একজন ‘সিনিয়র’ হিসেবে নিজেকে এতটা মার্জিত, আন্তরিক, বিনয়ী ও উদারভাবে উপস্থাপন করা যদি আদর্শ হয়, তবে ঠিক এমন একজন মানুষই তো হওয়া উচিত।’
স্বস্তিকার উপস্থিতি ও আচরণেও মুগ্ধ ঐন্দ্রিলা। তিনি লেখেন, ‘আপনার উপস্থিতি, আপনার ভালো ব্যবহার এবং মানুষকে যেভাবে আপনি গুরুত্ব দিয়েছেন, তা সত্যিই অসাধারণ। আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও মুগ্ধতা ছাড়া আর কিছুই নেই।’
এদিকে শুধু সঞ্চালক পরিবর্তন নয়, নতুন সিজনে ‘দিদি নং ১’-এর ফর্ম্যাটেও এসেছে বেশ কিছু পরিবর্তন। আগে একসঙ্গে কমসংখ্যক প্রতিযোগী অংশ নিলেও এখন একই পর্বে ১০ জন প্রতিযোগীকে নিয়ে খেলা হচ্ছে। পাশাপাশি বদলেছে অনুষ্ঠানটির সম্প্রচারের সময়ও। আগে বিকেল ৫টায় অনুষ্ঠানটি প্রচারিত হলেও এখন রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচার করা হচ্ছে।
চলতি বছর টেলিভিশনের একাধিক জনপ্রিয় অনুষ্ঠানের ফর্ম্যাটে পরিবর্তন এসেছে। ‘দাদাগিরি’-তে দেবের সঞ্চালকের ভূমিকায় আসার পর এবার ‘দিদি নং ১’-এ স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন দায়িত্বও দর্শকদের আগ্রহ তৈরি করেছে।
অন্যদিকে ওটিটি থেকে টেলিভিশন, বিভিন্ন ঘরানায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন ঐন্দ্রিলা বোস। ‘আলো ছায়া’, ‘মন ফাগুন’ ও ‘পুবের ময়না’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এবার ‘দিদি নং ১’-এর মঞ্চে স্বস্তিকার সঞ্চালনায় অংশ নিয়ে তাঁর প্রশংসা করলেন এই অভিনেত্রী।





