দেশকে বারবার গণতন্ত্রের পথে ফিরিয়েছে বিএনপি: প্রতিমন্ত্রী পুতুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশকে বারবার গণতন্ত্রের পথে ফিরিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, যতবার দেশের গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, যতবার দেশকে গণতন্ত্রের পথ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, ততবার ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হয়েছে বিএনপির।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

ফারজানা শারমিন পুতুল আরও বলেন, ১৯৯০ সালে গণতন্ত্র লুণ্ঠিত হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আবার নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়। বারবার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। স্বাধীনতার ঘোষক নিয়ে বারংবার বিতর্ক জন্ম দেওয়া হয়েছে। কিন্তু সত্য এটাই যে, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে একটি কণ্ঠস্বরই সারা বাংলাদেশ শুনেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন ‘উই রিভল্ট’।

পুতুল বলেন, আবারও সারা দেশকে মাফিয়াতন্ত্রে ছেয়ে দেওয়া হয়েছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তছনছ করা হয়েছে, একটি মেরুদণ্ডহীন দেশ গড়ার জন্য সব ধরনের পাঁয়তারা করা হয়েছে। সেই প্রেক্ষাপটে আবারও বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ অনেকে।