যুদ্ধে ‘কামানের খাদ্য’ না হতে আমেরিকানদের সতর্ক করল ইরান

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জড়ানো এবং তাদের সন্তানদের ‘কামানের খাদ্য’ হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল যে যুদ্ধকে আরও বিস্তৃত করতে চাইছে, সেই যুদ্ধে লড়াই করে প্রাণ দেওয়ার বিনিময়ে আমেরিকানদের সন্তানদের কেন ঋণমুক্তির প্রস্তাব দেওয়া হবে—এ প্রশ্ন নিজেদেরই করা উচিত।

বাঘাই সম্প্রতি প্রকাশিত দ্য জেরুজালেম পোস্টের একটি মতামতধর্মী লেখার প্রসঙ্গ তুলে ধরেন। ওই লেখায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নাগরিকদের সামরিক বাহিনীতে যোগদানে উৎসাহিত করতে ছাত্রঋণ ও ক্রেডিট-কার্ডের ঋণ মওকুফের ধারণা তুলে ধরা হয়েছে বলে তিনি দাবি করেন।

ইরানি মুখপাত্র বলেন, এমন প্রস্তাব কার্যত আমেরিকানদের ‘কামানের খোরাক’-এ পরিণত করার শামিল। তার ভাষায়, যে সংঘাত আমেরিকানরা নিজেরা বেছে নেয়নি, তার মানবিক ও আর্থিক মূল্য কেন তাদের বহন করতে হবে?

বাঘাই আরও বলেন, ‘আপনাদের জীবন, আপনাদের কর—অন্য কারও যুদ্ধ।’ তিনি আমেরিকানদের এমন কোনো যুদ্ধের জন্য তাদের সন্তানদের ভাড়াটে সৈন্যে পরিণত হতে না দেওয়ার আহ্বান জানান, যেটিকে তিনি ইসরায়েলের ‘বেছে নেয়া যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন। তথ্যসূত্র: তাসনিম নিউজ।