হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিভিন্ন দেশে যুদ্ধের কারণে বর্তমানে তেল সংকট সারা বিশ্বেই চলমান। এর মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি অযৌক্তিক।

রোববার (৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে পাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জামাত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জান্নাতের টিকেট বিক্রি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ তারাই আবার তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দেশিয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেষ্ট থাকা, পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর উপর গুরুত্বারোপ এবং যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, বোদা উপজেলা মৎস্য কর্মকর্তা সহ সাতার প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।