আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এক্ষেত্রে একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে নির্বাচন হবে, তা এখনো ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলার যত ইউনিয়ন রয়েছে, সেগুলো একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলো, আর বাকিগুলো অন্য ধাপে হলো, তাহলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সব ইউনিয়নে নির্বাচন হবে এবং কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়টি কমিশন নির্ধারণ করবে। এটি আমি জানি না।’
স্থানীয় নির্বাচনের বিধিমালা নিয়ে ইসি সচিব বলেন, ‘পোস্টার থাকবে না, যতটুকু জানি। এ ছাড়া কিছু পরিবর্তন এসেছে, যেগুলো দেখে বলতে হবে।’
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সেপ্টেম্বরে তপশিল দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।





