চেক বাউন্স মামলায় জেলযাত্রা এড়ালেন রাজপাল, তবে…

চেক বাউন্স-সংক্রান্ত সাতটি মামলায় জামিন ও আত্মসমর্পণ থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। দিল্লির হাইকোর্ট কর্তৃক বহাল রাখা তিন মাসের কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করার পর, ভারতের সুপ্রিম কোর্ট তাকে অবিলম্বে সারেন্ডার করা থেকে অব্যাহতি দিয়েছেন। তবে এই অন্তর্বর্তীকালীন স্বস্তি পেতে হলে বুধবারের মধ্যে আদালতের রেজিস্ট্রি শাখায় শর্ত হিসেবে নগদ ৫ কোটি রুপি জমা দেওয়ার জন্য এই তারকাকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতির বেঞ্চ।

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনোর সমন্বয়ে গঠিত একটি বিশেষ বেঞ্চে জরুরি ভিত্তিতে এই বিশেষ ছুটি আবেদনগুলোর (এসএলপি) শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি তালিকাভুক্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করে একটি শর্তাধীন নোটিশ জারি করেছেন। আদালত তাদের আদেশে স্পষ্ট করে জানিয়েছেন যে, ধার্যকৃত ৫ কোটি রুপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে জমা দেওয়া সাপেক্ষে আবেদনকারীদের কারাগারে আত্মসমর্পণ করা থেকে ছাড় দেওয়া হবে।

রাজপাল যাদব ও তার স্ত্রী যৌথভাবে দিল্লির হাইকোর্টের ১০ জুলাইয়ের সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যান, যেখানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার অধীনে তাদের দোষী সাব্যস্তকরণ এবং তিন মাসের সশ্রম কারাদণ্ড বহাল রাখা হয়েছিল।

ঐতিহাসিক এই আইনি জটিলতার সূত্রপাত ঘটেছিল ২০১০ সালে, যখন রাজপাল যাদব তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‌‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য দিল্লিভিত্তিক ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ নামের এক অর্থলগ্নি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নেন। ছবিটি প্রেক্ষাগৃহে চরম ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লে সেই ঋণ শোধ করা সম্ভব হয়নি। পরবর্তীতে দেনা মেটাতে দেওয়া একের পর এক চেক ব্যাংকে প্রত্যাখ্যাত বা বাউন্স হলে বিবাদ চরম আকার ধারণ করে। গত ১০ জুলাই দিল্লির হাইকোর্ট তার আগের ছয় মাসের কারাদণ্ড কমিয়ে সাতটি মামলার প্রতিটিতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রতিটি মামলায় ১.৬০ কোটি রুপি জরিমানার অঙ্ক কমিয়ে ১.০৫ কোটি রুপি নির্ধারণ করেন। ইতিপূর্বে এই মামলায় রাজপাল যাদব কিছুদিন কারাভোগ করে জামিনে মুক্ত হলেও, তার আইনজীবী জানান যে ২০১২ সালের এই চেক বাউন্স মামলায় তারা কোনো সমঝোতায় না গিয়ে আদালতেই আইনি লড়াই চালিয়ে যাবেন।

আইনিসংকটের মেঘ এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশে নিজের পৈতৃক সম্পত্তির ওপরও এখন নিলামের খাঁড়া ঝুলছে এই কৌতুক অভিনেতার। ১৬.৬১ কোটি রুপির অপরিশোধিত ঋণের দায়ে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া অলরেডি তার পৈতৃক সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ জারি করেছে এবং বকেয়া পরিশোধ না করা হলে ৯ সেপ্টেম্বর বন্ধকি সম্পত্তিগুলো নিলামে তোলার কথা রয়েছে।

তবে এত আইনি জটিলতা ও আর্থিক টানাপোড়েনের মধ্যেও অভিনয়ের আঙিনায় সমান ব্যস্ত রাজপাল যাদব। সম্প্রতি তাকে ‘ভূত বাংলা’ ও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘হাইওয়ান’ সিনেমা এবং দুটি নতুন ওয়েব সিরিজ, যেখানে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবেন দর্শকরা।

সূত্র: মিড-ডে