শব্দদূষণ, আবর্জনা, অনধিকার প্রবেশ, টোকিওতে পর্যটকদের জন্য নতুন নিয়ম

পর্যটকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে জাপানের টোকিওর জনপ্রিয় এলাকা শিনজুকুতে স্বল্পমেয়াদি ভাড়াবাসা নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

জাপান পর্যটন সংস্থার তথ্য অনুযায়ী, শিনজুকুতে ৩ হাজার ৭৭৫টি ব্যক্তিমালিকানাধীন স্বল্পমেয়াদি ভাড়াবাসা বা ‘মিনপাকু’ রয়েছে। চলতি বছর পর্যটকদের শব্দদূষণ, যত্রতত্র আবর্জনা ফেলা, নিষিদ্ধ এলাকায় ধূমপান ও অনধিকার প্রবেশের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শিনজুকুর অবকাশকালীন ভাড়াবাসা তদারককারী এক কর্মকর্তা এএফপিকে জানান, আবাসিক এলাকা ও স্কুলের কাছাকাছি এসব আবাসন নিষিদ্ধ করতে বর্তমান অধ্যাদেশ সংশোধনের পরিকল্পনা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন নিয়মে শিনজুকুর ৫০ শতাংশের বেশি স্বল্পমেয়াদি ভাড়াবাসা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এ ছাড়া আবাসিক এলাকায় বছরে ভাড়াদানের সময়সীমা ১৮০ দিন থেকে কমিয়ে ১২০ দিন করা হতে পারে।

এদিকে এয়ারবিএনবি জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের উদ্বেগকে তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং ওয়ার্ড প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত।

সূত্র: গার্ডিয়ান