চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন লামিন ইয়ামাল। ২০ বছর পূর্ণ হওয়ার আগেই ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতায় একের পর এক কীর্তি গড়ে চলেছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। এবার চ্যাম্পিয়নস লিগে কম বয়সে সবচেয়ে বেশি গোল অবদানের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের প্রথম ম্যাচে ফেইনুর্দকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দারুণ এই জয়ে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন ইয়ামাল। ম্যাচে একটি দর্শনীয় ফ্রি-কিক থেকে গোল করেন তিনি এবং করান আরও একটি গোল।

এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে ইয়ামালের গোল ও অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২১। তাতেই পেছনে পড়ে গেছে কিলিয়ান এমবাপ্পের রেকর্ড।

ফুটবল পরিসংখ্যান বিষয়ক প্রতিষ্ঠান ‘অপটা জো’-এর তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগে ইয়ামালের মোট গোল অবদান এখন ২১টি (১১টি গোল ও ১০টি অ্যাসিস্ট)।

এর আগে, টুর্নামেন্টে টিনএজার হিসেবে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ২০টি অবদান নিয়ে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এবার তাকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল।

এছাড়া এদিন আরও একটি রেকর্ড গড়েন ইয়ামাল। ১৯ বছর ৫৮ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সরাসরি ফ্রি-কিক থেকে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন। তিনি রিয়াল মাদ্রিদের আরদা গুলার (২১ বছর ৪৯ দিন) এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর (২১ বছর ১৫৪ দিন) গড়া রেকর্ডকে ছাড়িয়ে যান।

তবে রাতটি ইয়ামালের জন্য আরও বিশেষ হয়ে ওঠে ম্যাচের শেষভাগে। ৭১তম মিনিটে রাফিনিয়া মাঠ ছাড়ার পর তার হাতে ওঠে বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড। এর মাধ্যমে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে মাঠে নেতৃত্ব দেওয়ার বিরল কীর্তিও গড়েন এই স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড।

সূত্র : গোল ডট কম