জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে নতুন ভাড়ার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাসের পাশাপাশি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাভুক্ত ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা আগের মতোই রাখা হয়েছে। তবে এই ভাড়ার পরিবর্তন কেবল ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য প্রযোজ্য হবে। গ্যাসে পরিচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে নতুন ভাড়ার হার কার্যকর হবে না।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যাত্রীদের আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসে আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়াও আনুপাতিক হারে পরিবর্তন করতে হবে। এ ধরনের ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিয়ে আনুপাতিক ভাড়ার হার নির্ধারণ করতে হবে।
এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিটি সার্ভিসের বাসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে শেষ পর্যন্ত জারি করা প্রজ্ঞাপনে তিন শ্রেণির পরিবহনের ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।
নতুন ভাড়া নির্ধারণের ফলে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ বাতিল বলে গণ্য হবে।





