অস্ট্রেলিয়ার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার অ্যাশলি নফকে-কে পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। তাকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যা ২০২৮ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।
নফকে রায়ান কুকের স্থলাভিষিক্ত হচ্ছেন; কুক পরিবারের সাথে আরও বেশি সময় কাটানোর জন্য এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। খেলোয়াড় ও কোচ উভয় ভূমিকায় নফকের রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। খেলোয়াড় হিসেবে তিনি অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন এবং কুইন্সল্যান্ড, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের চারটি কাউন্টি দল ডারহাম, মিডলসেক্স, গ্লুচেস্টারশায়ার ও ওরচেস্টারশায়ারের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেট খেলেছেন।
এছাড়া ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও খেলেছিলেন। প্রথম-শ্রেণীর ক্যারিয়ারে তিনি ৩,৭৬৬ রান ও ৩৮৬ উইকেট সংগ্রহ করেন। এক মৌসুমে ৫০০ রান ও ৫০ উইকেট নেওয়ার ‘ডাবল’ অর্জনকারী মাত্র তৃতীয় অস্ট্রেলিয়ান ছিলেন তিনি। এই কৃতিত্বের জন্য তিনি ‘স্টেট প্লেয়ার অফ দ্য ইয়ার’-এর সম্মাননাও পেয়েছিলেন।
কোচ হিসেবে নফকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও এশিয়ার বিভিন্ন দলের সাথে কাজ করেছেন। তিনি ব্রিসবেন হিটের হয়ে একটি ডব্লিউবিবিএল শিরোপা ও টানা দুবার ‘কোচ অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন, পাশাপাশি কুইন্সল্যান্ড ফায়ারের হয়ে ডব্লিউএনসিএল চ্যাম্পিয়নশিপও জয় করেছেন। এছাড়া লন্ডন স্পিরিটকে তাদের প্রথম ‘দ্য হান্ড্রেড’ শিরোপা জেতাতেও তিনি ভূমিকা রেখেছেন।
নিউজিল্যান্ডে ওটাগোর পুরুষ দলের কার্যক্রম পরিচালনার পর নফকে গত বছরে পাকিস্তান পুরুষ দলের সহকারী কোচ ও বোলিং প্রধান হিসেবে যোগ দেন। নফকে জানান, নেদারল্যান্ডসের সাথে কাজ করার ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলাই হবে তার কর্মপদ্ধতির মূল ভিত্তি।
তিনি আরও বলেন, ডাচ পুরুষ দলের সাথে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি; দলটি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণকারী। এটি একটি প্রতিভাবান ও অনুপ্রাণিত দল। আমার লক্ষ্য হলো তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং দলের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া। কৌশল বা পরিকল্পনার আগে আমি পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার ওপরই বেশি গুরুত্ব দিই। কাজ শুরু করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।
কেএনসিবি-র প্রধান নির্বাহী কর্মকর্তা হুইব ভ্যান ওয়ালসেম নফকের অভিজ্ঞতা ও দর্শনের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং একই সাথে রায়ান কুকের দায়িত্ব পালনকালের অবদানের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। তিনি এক প্রতিক্রিয়ায় জানান, নফকে এই দায়িত্বে তার বৈশ্বিক অভিজ্ঞতা ও চৌদ্দটি শিরোপা জয়ের কৃতিত্ব নিয়ে আসছেন; পারস্পরিক সুসম্পর্ক বা সংযোগকে কৌশলের চেয়েও বেশি গুরুত্ব দেওয়ার যে দর্শন তার রয়েছে, তা এই দলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ও তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হবে।





