ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইফতেখার মাহমুদ (৩৬) ও তোফাজ্জল হোসেন পলাশ (৩৮) নামের দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে আলাদা সময়ে তাদের মৃত্যু হয়।
কারা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইফতেখার মাহমুদ মিরপুর থানার একটি বিচারাধীন মামলায় কারাবন্দি ছিলেন। তার বন্দি নম্বর ছিল হাজতি-২৯৬৯২/২৬ ।
তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে গত ১৯ সেপ্টেম্বর তাকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানকার মেডিসিন বিভাগে চিকিৎসাধীন থেকে গত বুধবার রাত ৯ টার তার মৃত্যু হয়। তিনি মিরপুরের পীরেরবাগ এলাকার মাহবুব আলমের ছেলে ইফতেখার।
অপর দিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে মো. তোফাজ্জল হোসেন পলাশ (৩৮) নামের কারাবন্দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাসূত্র জানিয়েছে, তিনি দারুস সালাম থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। তার বন্দি নম্বর ছিল কয়েদি-৪৫৬৫/এ ।
ময়নাতদন্তের জন্য তাদের লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন।





