জানুয়ারিতে ইউপি ভোট বাকিগুলো ধাপে ধাপে

চলতি বছরের নভেম্বর থেকেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের কর্মযজ্ঞ। এর মধ্যে নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট হবে আগামী বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত। এজন্য আগামী বছরের জুন-জুলাইয়ের আগে নির্বাচন কমিশন সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা নির্বাচন অনুষ্ঠানের কোনো পরিকল্পনা রাখছে না। ইসির কর্মকর্তারা বলছেন, ইউপি নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে শেষ করা হবে। তাই সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর ভোট জুলাইয়ের আগে হওয়ার সম্ভাবনা নেই। ইসির ঘোষিত পরিকল্পনায় প্রথমে ইউপি নির্বাচন এবং পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাকি নির্বাচন করার কথা রয়েছে।

এদিকে স্থানীয় নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্তের পাশাপাশি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে ইসি। ইউপিসহ অন্যান্য স্থানীয় নির্বাচনের আচরণবিধিও তৈরি হয়েছে। তবে নির্বাচনি আইন সংশোধনের বিষয়টি ঝুলে রয়েছে মন্ত্রণালয়ে।

ইউপি দিয়ে শুরু হবে ভোট?

ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচনের ধাপ শুরু করতে পারে ইসি। ৪০-৪৫ দিন সময় রেখে তফসিল দেওয়ার আলোচনা চলছে। এ ক্ষেত্রে চলতি বছরের নভেম্বরের মাঝামাঝিতে এ নির্বাচনের তফসিল দিয়ে আগামী বছরের জানুয়ারিতে ইউপিতে তিন ধাপে ভোটের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এরপর রোজা ও বিভিন্ন পরীক্ষা শেষে বাকি ইউপিতে ভোট শেষ হবে জুনের মধ্যে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ইউপি নির্বাচন শুরু করতে পারব। রমজানের আগে তিন ধাপে ভোট নিতে পারব। এই সময়ে প্রায় ২ হাজার ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, যে তারিখে ভোট গ্রহণ হবে তা থেকে ৪০-৪৫ দিন আগেই তফসিল ঘোষণা করা হবে। জানুয়ারিতে পৌরসভা নির্বাচন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, পৌরসভা নির্বাচন জানুয়ারিতে হবে কি না এখনো সিদ্ধান্ত হয়নি। সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচন বিষয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে হবে। রমজানের আগেই ২ হাজার ইউপিতে ভোট হবে। তবে রোজার পর আবার কবে নির্বাচন শুরু হবে সেই বিষয়ে এখন কিছুই বলা সম্ভব নয় বলে জানান তিনি। জানুয়ারিতে ইউপি শুরু হয়ে জুনের মধ্যে শেষ হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন নির্বাচন কবে অনুষ্ঠত হতে পারে জানতে চাইল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এই মুহূর্তে ইউপি নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে। স্থানীয় নির্বাচনের মালামাল প্রস্তুতের বিষয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনের জন্য প্রয়োজনীয় মালামাল প্রস্তুত রয়েছে। আগামীতে আরও কিনতে হবে। নির্বাচন যত দিন থাকবে, নির্বাচনি কেনাকাটাও চলবে।

কবে কোন নির্বাচন হয়েছিল : পাঁচ বছর মেয়াদি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সবগুলোই এখন ভোটের উপযোগী। আর স্থানীয় সরকারের চার স্তরের ভোট শেষে পরোক্ষ ভোটে জেলা পরিষদের নির্বাচন হবে। সর্বশেষ ইউপি ভোট হয়েছে ২০২১ সালের এপ্রিল, নভেম্বর, ডিসেম্বর এবং ২০২২ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সাত ধাপে। সাড়ে ৪ হাজার ইউপি নির্বাচন উপযোগী রয়েছে। পৌরসভায় ২০২০ সালের ডিসেম্বর এবং ২০২১ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিলে ছয় ধাপে ভোট হয়েছে। এ ছাড়া ৩৩০ পৌরসভা ও উপজেলা রয়েছে ৫০০টি। সর্বশেষ ২০২৪ সালের মার্চ থেকে জুনের মধ্যে চার ধাপে এবং বিভিন্ন ধাপে স্থগিতগুলো নিয়ে আরেকটি বিশেষ ধাপ মিলিয়ে পৌনে পাঁচ শ উপজেলার ভোট হয়।

১৩ সিটি করপোরেশনের মধ্যে সর্বশেষ ২০২৪ সালের মার্চে ময়মনসিংহ সিটিতে ভোট হয়েছে। এ বছর মে মাসে বগুড়া সিটি করপোরেশন গঠিত হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি, ২০২১ সালের জানুয়ারিতে চট্টগ্রাম সিটি, ২০২২ সালের জুনে কুমিল্লা সিটি ও ডিসেম্বরে রংপুর সিটি করপোরেশন নির্বাচন হয়। এরপর ২০২৩ সালের মে মাসে গাজীপুর সিটি, জুনে খুলনা সিটি ও বরিশাল সিটি এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের ভোট হয়।