ভারত নারী ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হারমানপ্রীত কৌর। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে দলকে শিরোপা জেতানোর পরই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটার।
২০১২ সাল থেকে ভারতকে নেতৃত্ব দিয়ে আসছেন হারমানপ্রীত। তবে তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়কত্ব পান ২০২২ সালে। নেতৃত্ব ছাড়লেও ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার গোয়াহাটিতে ভারত নারী দলের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেখানে হারমানপ্রীতের পাশাপাশি সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও কোচ অমল মজুমদারও ছিলেন। বেশ কিছুদিন ধরেই হারমানপ্রীতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠছিল। বৈঠকের পরই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় নিজের সিদ্ধান্তকে কঠিন বলে উল্লেখ করেছেন হারমানপ্রীত। তিনি জানান, অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় দলের স্বার্থকে নিজের পারফরম্যান্স, ব্যক্তিগত উন্নতি ও নানা আকাঙ্ক্ষার ওপর প্রাধান্য দিয়েছেন।
হারমানপ্রীত বলেন, অধিনায়ক হিসেবে তাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, যার সবগুলো সবাই বুঝতে পারেননি। তবে প্রতিটি সিদ্ধান্তের পেছনে দলের উন্নতিই ছিল তার একমাত্র উদ্দেশ্য। দলের কঠিন সময়, হতাশা, সমালোচনা ও সংশয়ের পাশাপাশি সাফল্যের মুহূর্তগুলোরও সাক্ষী হয়েছেন তিনি।
অধিনায়কত্ব ছাড়ার সময় নিজের দায়িত্ব পালনে সন্তুষ্ট বলেও জানিয়েছেন হারমানপ্রীত। তার বিশ্বাস, ভারতীয় নারী দল এখন ভালো অবস্থানে আছে এবং তিনি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছেন।
নেতৃত্বের অধ্যায় শেষ হলেও ভারতের হয়ে তার যাত্রা থামছে না। হারমানপ্রীতের ভাষায়, ‘অধিনায়কত্বের অধ্যায় শেষ হতে পারে, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না। অধিনায়কত্বের অধ্যায় শেষ। তবে যাত্রা চলবে।’





