ফ্রি-কিক থেকে গোল করার ক্ষেত্রে নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়া আর্জেন্টাইন মহাতারকা এবার সর্বকালের সর্বোচ্চ ফ্রি-কিক গোলের রেকর্ডও নিজের করে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন।
মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনা ফুটবলে নতুন কিছু নয়। গোল, অ্যাসিস্ট কিংবা শিরোপার পাশাপাশি ফ্রি-কিক গোলের হিসাবেও দীর্ঘদিন ধরে চলছে দুই তারকার লড়াই। তবে একসময় এই তালিকায় রোনালদোর চেয়ে অনেক পিছিয়ে ছিলেন মেসি।
২০১৭ সালে মেসির চেয়ে রোনালদোর ফ্রি-কিক গোলের ব্যবধান ছিল প্রায় ২০টি। তখন রোনালদোর নামের পাশে ছিল ৫৩টি ফ্রি-কিক গোল, আর মেসির ছিল ৩৪টি। সেই ব্যবধান মেসি কখনো ঘোচাতে পারবেন কি না, তা নিয়েও ছিল সংশয়।
তবে বয়স বাড়ার সঙ্গে ফ্রি-কিকে নিজের কৌশলে বড় পরিবর্তন আনেন মেসি। এর ফলও পেয়েছেন দারুণভাবে। বর্তমানে তার ফ্রি-কিক গোলের সংখ্যা ৭৬টি। বিপরীতে রোনালদোর ফ্রি-কিক গোল ৬৩টি।
বিশেষ করে ২০২৬ সালটা মেসির জন্য ফ্রি-কিকের দিক থেকে দুর্দান্ত যাচ্ছে। এ বছরই সরাসরি ফ্রি-কিক থেকে সাতটি গোল করেছেন তিনি। এর মাধ্যমে সর্বকালের সর্বোচ্চ ফ্রি-কিক গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আর্জেন্টাইন তারকা।
এই পথচলায় মেসি পেছনে ফেলেছেন ব্রাজিলের একাধিক বিখ্যাত ফ্রি-কিক বিশেষজ্ঞকে। তাদের মধ্যে রয়েছেন জুনিনহো পার্নামবুকানো, রবার্তো দিনামিতে ও জিকো।
এখন মেসির সামনে রয়েছেন আর মাত্র একজন। ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা বর্তমানে সর্বকালের সর্বোচ্চ ফ্রি-কিক গোলদাতার তালিকার শীর্ষে আছেন। ফলে আরও কয়েকটি নিখুঁত ফ্রি-কিক মেসিকে বসিয়ে দিতে পারে ফুটবল ইতিহাসের সেই শীর্ষস্থানটিতেও।





