ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের উদ্যোগের সঙ্গে যুক্ত প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর আসনে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর তাকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ভোট শুরু হওয়ার পরপরই হুমায়ুন কবির ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ করেন। এরপর একটি ভোটকেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে দলীয় কার্যালয় থেকে বের হতে চাইলে পুলিশের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির কার্যালয় থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে রেজিনগর থানায় নেওয়া হয়।
পুলিশের গাড়িতে ওঠানোর সময় কবির বলেন, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি শুধু আটক করা হচ্ছে—তা তিনি জানেন না।
এদিকে বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকার অভিযোগ করেছেন, ভোটের কয়েক দিন আগে হুমায়ুন কবির ভোটের দিন ১০ জনের মৃত্যুর আশঙ্কার কথা বলেছিলেন। তার দাবি, কবির উত্তেজনা ও সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।
পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজের অভিযোগে কবিরকে আটক করা হয়েছে বলেও দাবি করেন বিজেপি প্রার্থী।





