৪৫ সেকেন্ডের একটি ভিডিও। যেখানে দেখানো হচ্ছে জাতীয় দলের হয়ে লিওনেল মেসির ক্যারিয়ারের স্মরণীয় কিছু মুহূর্ত। এসবের মাঝেই শোনা যাচ্ছে আর্জেন্টাইন জাদুকরের কণ্ঠস্বর। ফুটে উঠছে বিদায়ের সুর।
আর কয়েক ঘন্টার অপেক্ষা। বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে বর্ণাঢ্য ও গৌরবময় যাত্রার ইতি টানবেন মেসি। বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
তার আগে মঙ্গলবার মেসির ওই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছে বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস।’ সেখানে সকলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী।
“সেই মুহূর্তটি এসে গেছে। আমি শান্ত মনেই বিদায় নিচ্ছি; আমার সর্বস্ব দিয়েছি। এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমাকে এত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সবসময় আমার হৃদয়ে থাকবেন।”
এখন থেকে ২১ বছর আগে দেশের জার্সিতে অভিষেক হয়েছিল মেসির। উত্থান-পতনে ভরা এই দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ২০৭টি ম্যাচ খেলেছেন, ১২৫টি গোল ও ৬৬টি অ্যাসিস্ট করেছেন; সবকটিই আর্জেন্টিনার রেকর্ড।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচ খেলার রেকর্ডও মেসির। ২১ গোল নিয়ে তিনি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার। ২২ গোল নিয়ে তালিকার শীর্ষে কিলিয়ান এমবাপে।
আরও অসংখ্য রেকর্ড-অর্জনে সমৃদ্ধ মেসির ক্যারিয়ার।
২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয় মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। এছাড়া তিনি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপাও জয় করেছেন। ২০২২ সালে জিতেছেন ফিনালিস্সিমা ট্রফি।
তার দুই দশকের বেশি সময়ের দীর্ঘ এই যাত্রার সমাপ্তি ঘটতে যাচ্ছে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে।





