আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সারাদেশে আগাম নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করছেন আনসার-ভিডিপির সদস্যরা। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মন্দির কর্তৃপক্ষ ও প্রতিমা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন তারা।
মতবিনিময়ের সময় প্রতিমার নিরাপত্তা, পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদযাপন কমিটি ও আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করছেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা, প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা, আলোকসজ্জা এবং অগ্নিনিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে।
এ ছাড়া পূজাকালীন দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটিগুলোকে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিপির সদস্যদের প্রস্তুত রাখা হচ্ছে।
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ পূজা উদযাপন নিশ্চিত করতে সারাদেশে আনসার-ভিডিপির এ আগাম প্রস্তুতি ও মাঠপর্যায়ের তৎপরতা অব্যাহত রয়েছে।





