শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা সোলজার এর মুক্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও এখনো শেষ হয়নি এর শুটিং। বাকি রয়েছে আরও ৯ দিনের কাজ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকবার শুটিংয়ের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা শুরু করা সম্ভব হয়নি। শাকিব খানের শিডিউল নেওয়ার পরও কাজ এগিয়ে না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর ম্যানেজার মনির জামান। তাঁর দাবি, নেওয়া শিডিউল কাজে লাগাতে পারলে এর মধ্যে আরও দুই-তিনটি সিনেমার শুটিং শেষ করা যেত।
শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও কলাকুশলীদের সম্মানী বকেয়া থাকার কথাও শোনা যাচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তাঁর বক্তব্য, শুটিং শেষ হওয়ার আগে সম্মানী পরিশোধের বিষয়টি নিয়ে যে আলোচনা হচ্ছে, তা সঠিক নয়।
মৌমিতা হোসাইন জানিয়েছেন, দ্রুতই ‘সোলজার’এর শুটিং শেষ করার চেষ্টা চলছে। কাজ শেষ হলে টিজার প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির তারিখ জানানো হবে। এদিকে শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে ফেরার পর তাঁকে নিঃস্ব ও মহব্বত সিনেমার কাজে ব্যস্ত।





