প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করেছে। এখন দেশের উন্নয়ন ও গঠনের কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুর নগরীর ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এ সময় পূজামণ্ডপে উপস্থিত পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রামজীবন কুণ্ডুসহ সংশ্লিষ্ট নেতারা তাকে অভ্যর্থনা জানান।
এর আগে রংপুরের পাগলাপীরে এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ এ দেশের নাগরিক। বাংলাদেশ সবার, তাই দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ গড়ার দায়িত্বও সবার।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রংপুরের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে তার মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।





