শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে ধর্মসভা ও রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাজশাহীর পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে যাত্রা করেন তিনি।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসযোগে রংপুরের উদ্দেশে রওনা দেন তিনি। পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে নেমে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের খেলাধুলার সামগ্রী উপহার দেন।
পরে রংপুরের উদ্দেশে যাত্রাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীও বাস থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
রংপুরে পৌঁছে ধর্মসভা ও রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা দেন তিনি।
সফরসূচি অনুযায়ী, রাজশাহী হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
পরে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন তিনি।
এদিকে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে গিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করছেন তিনি।





