পছন্দের আংটি না মেলায় ইতালিতে বিয়ের প্রস্তাব দেননি বিজয়

দক্ষিণী সিনেমা কিংবা বলিউড—ভারতজুড়ে বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় পাওয়ার কাপল বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের পর এই প্রথম একসঙ্গে হাজির হন করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’র নবম সিজনে। সেখানে আড্ডায় একের পর এক বিস্ফোরক ও মিষ্টি সব তথ্য ফাঁস করলেন এই তারকা দম্পতি। আর তাদের এই মজার আড্ডাই এখন নেটপাড়ায় সরগরম।

প্রাণবন্ত অনুষ্ঠানে ইতালিতে বেড়াতে গিয়ে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভেবেছিলেন বলে জানান বিজয়। কিন্তু মনের মতো আংটি খুঁজে না পাওয়ায় তার সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। শো’র প্রোমোতেই জমে উঠেছে আসল চমক। সঞ্চালক করণ জোহরের সোজাসাপ্টা প্রশ্ন— বিজয় কি আদতে কোনো বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? এর জবাবে বিজয় এ কথা জানান।

তবে সবাইকে অবাক করে রাশমিকা মাথা নেড়ে জানান, ‘না, কোনো প্রস্তাবই আসেনি!’ সঙ্গে সঙ্গে বিজয় রহস্য ফাঁস করে বলেন, রাশমিকাই নাকি তাকে এক বছর ধরে ১০০ বার বলে বলেছিলেন, ‘চলো আমরা বিয়ে করে নিই!’ মিষ্টি হেসে সে কথার সত্যতা স্বীকার করে নেন রাশমিকা।

তবে আসল রোমান্টিকতা পরে জানান তারা। বিজয় জানান, সাধারণত তিনি এমন ফিল্মি টাইপ রোমান্সের পরিকল্পনা করেন না। কিন্তু রাশমিকার জীবনের অন্যতম বিশেষ মুহূর্তটা ফিকে হয়ে যাক, তা তিনি চাননি। ঠিক হয়েছিল ইতালিতে বেড়াতে গিয়েই প্রস্তাব দেবেন, কিন্তু মনের মতো আংটি না পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

এরপর করণ বিজয়কে প্রশ্ন করেন রাশমিকা ছাড়া অন্য কোনো নায়িকার সঙ্গে অন-স্ক্রিন কেমিস্ট্রি জমে উঠছিল কি না, সঙ্গে সঙ্গে রাশমিকা উত্তর দেন কারও সঙ্গে না। অন্যদিকে বিজয় বলে ওঠেন, বিয়ের প্রথম ও একমাত্র শর্ত হলো স্ত্রীর সব কথা মেনে চলা।

অনেক জল্পনা ও লুকোচুরি শেষে গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে সারেন তারা। সেই উদয়পুরেই বিয়ের প্রথম দিন— অর্থাৎ সংগীতের অনুষ্ঠান শেষ হওয়ার পর বন্ধুদের জুটিয়ে হাঁটু গেড়ে বসে রাশমিকাকে প্রোপোজ করেন বিজয়। অভিনেতা জানান, তিনি কোনোভাবেই রাশমিকার জীবনের সেই জাদুকরী মুহূর্ত কেড়ে নিতে চাননি।

২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ ছবির পর থেকেই শুরু হয়েছিল তাদের প্রেমের গুঞ্জন। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তাদের এই টক শোয়ের জমজমাট আড্ডা দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছে। র‍্যাপিড ফায়ার থেকে বাজার গেম— সব মিলিয়ে বিজয়ের রসিকতা আর রশ্মিকার লাজুক হাসিতে জমজমাট হতে চলেছে ‘কফি উইথ করণ’-এর এই স্পেশ্যাল পর্বটি!