‘জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত’

জামায়াতে ইসলামী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখানোর কথা বললেও দলটির সেই ‘জান্নাতের পথ’ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন।

বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান! হাদিসে আছে, কিয়ামতের আগে দাজ্জালও মানুষকে জান্নাত দেখিয়ে তাকে অনুসরণ করতে বলবে।

তিনি প্রশ্ন তোলেন, আমি জানি না, জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়?

এরপর জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি লেখেন, এই পথ কি ভোটের আগে বিদেশিদের সঙ্গে বৈঠক করে বলার পথ যে, আমরা কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবো? না কি এই পথ গাজী নজরুল ইসলামের পথ? না কি শহীদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়ার পথ কিংবা রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলে ধর্ম অবমাননার পথ?

তিনি আরও লিখেন, না কি আগে ছিল হিন্দু মানে নৌকা, এবার হবে হিন্দু মানে দাঁড়িপাল্লা বলার পথ? না কি একদিকে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেওয়া, অন্যদিকে জান্নাতের টিকিট বিতরণ করার পথ?

জুলাই গণঅভ্যুত্থান নিয়েও জামায়াতের সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, না কি গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার না চেয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করার পথ?

স্ট্যাটাসের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা তো দাজ্জালের জান্নাত!