অরুণাচল প্রদেশে জেন জি’র জলধারা রক্ষার লড়াই   

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে ১১,২০০ মেগাওয়াটের বিশাল এক জলবিদ্যুৎ প্রকল্প, সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট (SUMP) ঘিরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। প্রস্তাবিত এই মেগা বাঁধের বিরুদ্ধে এবার রাজপথে সোচ্চার হয়েছে স্থানীয় আদিবাসী তরুণ ও জেন জি প্রজন্মের শিক্ষার্থীরা।

নিজদের অস্তিত্ব, ইতিহাস ও পূর্বপুরুষের ভূমি রক্ষার এই লড়াইয়ে গত ২৪ অক্টোবর ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটকে কেন্দ্র করে পাসিঘাট ও আপার সিয়াং অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হঠাতে পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করায় এই আন্দোলন আরও তীব্র রূপ নিয়েছে।

এই প্রতিবাদের মূল কারণ হলো হাজার বছরের ঐতিহ্য ও বসতি হারানোর ভয়। প্রস্তাবিত এই বাঁধটি তৈরি হলে স্থানীয় আদিবাসী ‘আদি’ (Adi) সম্প্রদায়ের পবিত্র জমি এবং বহু গ্রাম চিরতরে পানির নিচে তলিয়ে যাবে। এর ফলে হাজার হাজার মানুষ তাদের ভিটেমাটি হারিয়ে উচ্ছেদের মুখে পড়বেন। তাছাড়া, অঞ্চলটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ ও পরিবেশগতভাবে বেশ সংবেদনশীল। এত বড় বাঁধ নির্মাণ করা হলে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় ও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তরুণরা।

সরকারি তরফ থেকে এই প্রকল্পকে কৌশলগত ও জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে তুলে ধরা হলেও জেন জি তরুণরা সাফ জানিয়ে দিয়েছেন, তারা দেশের নিরাপত্তার বিরুদ্ধে নন, তবে নিজেদের অস্তিত্ব ও বসতি বিসর্জন দিয়ে কোনো উন্নয়ন তারা চান না। নদীর স্বাভাবিক ধারা ও নিজেদের অধিকার রক্ষায় এই তরুণদের আন্দোলন এখন পুরো অঞ্চলে এক জোরালো আলোচনার জন্ম দিয়েছে।