হঠাৎ বুকে ব্যথা? হার্ট অ্যাটাক হলে কী করবেন

বুকে চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম কিংবা বমিভাব এসব হার্ট অ্যাটাকের সতর্কসংকেত হতে পারে। এমন উপসর্গ দেখা দিলে অপেক্ষা না করে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে। হার্ট অ্যাটাকে হৃদ্‌যন্ত্রে রক্তপ্রবাহ ব্যাহত হয়, তাই দ্রুত হাসপাতালে পৌঁছে চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।

ব্যথা বা অস্বস্তি বুকের মাঝখানে চাপ, চেপে ধরা কিংবা ভারী অনুভূতির মতো হতে পারে। তা হাত, ঘাড় বা চোয়ালে ছড়িয়ে পড়তে পারে। শ্বাসকষ্ট, বমিভাব ও ঘামও দেখা দিতে পারে। উপসর্গ সবার ক্ষেত্রে এক রকম নাও হতে পারে।

হার্ট অ্যাটাকের সময় জোরে জোরে কাশি দেওয়ার পরামর্শটি ভুল এবং বিপজ্জনক হতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, কাশি দিয়ে সিপিআর হার্ট অ্যাটাকের চিকিৎসা নয়। হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট এক বিষয় নয়। হার্ট অ্যাটাকে রক্তপ্রবাহে সমস্যা হয়, আর কার্ডিয়াক অ্যারেস্টে হৃদ্‌যন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যায়।

নিজের বা অন্য কারও হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে স্থানীয় জরুরি নম্বরে ফোন করুন এবং অ্যাম্বুলেন্স ডাকুন। রোগীকে বসিয়ে বা আরামদায়ক অবস্থায় বিশ্রামে রাখুন। নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন না। জরুরি সেবার নির্দেশনা অনুসরণ করুন। অ্যাসপিরিন দেওয়া হবে কি না, তা জরুরি অপারেটর বা চিকিৎসকের পরামর্শে ঠিক করুন।