অপু বিশ্বাসকে চুমু দিয়ে আলোচনায় আদনান

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে চুমু দিচ্ছেন এক যুবক। দুজনের পরনে বর-কনের সাজ। মেহেদি অনুষ্ঠানে এমন রোমান্টিক মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা। কে এই যুবক? তবে কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অপু বিশ্বাস?

ভিডিওতে দেখা যাওয়া ওই যুবকের নাম আদনান আজাদ। মেহেদি পরানোর একপর্যায়ে দুষ্টুমি করে অপুকে চুমু দেন তিনি। এ সময় লাজুক হাসিতে মেতে ওঠেন অভিনেত্রী। তবে ভিডিওর দৃশ্যটি বাস্তব কোনো বিয়ে কিংবা ব্যক্তিগত সম্পর্কের ঘোষণা নয়। এটি মূলত একটি প্রচারণামূলক ভিডিওর অংশ। দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করতেই বর-কনের সাজে এমন দৃশ্য ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলো প্রকাশের পর থেকেই দুজনের সম্পর্ক এবং একসঙ্গে নতুন কোনো কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ওই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় আদনানের। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।

সম্প্রতি একসঙ্গে ফটোশুটের পেছনে নতুন সিনেমার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন অপু বিশ্বাস। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণ করতে চান। এ জন্য দেশের বাইরে থেকে ভালো একটি টিম নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। এ বিষয়ে দুজনের মধ্যে কথাবার্তাও চলছে।

সব মিলিয়ে অপু বিশ্বাস ও আদনানের ভাইরাল ভিডিওটি নতুন সিনেমার প্রচারণার অংশ বলেই জানা গেছে।