সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটে অংশ নিচ্ছেন বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থার কর্মীরা। এর ফলে সোমবার বেলজিয়ামের প্রায় সব ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির আকাশসীমা ও বিমানবন্দরগুলোর বিমান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্কাইস শনিবার জানিয়েছে, ২৩ নভেম্বর সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বেলজিয়ামের বিমানবন্দরগুলোতে এবং আকাশসীমায় নিয়মিত বিমান চলাচল নিয়ন্ত্রণ সেবা দেওয়া সম্ভব হবে না।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘ওই সময়ে প্রত্যাশিত কর্মী উপস্থিতি দিয়ে নিয়মিত বিমান চলাচল নিরাপদভাবে পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে না। তাই সাময়িকভাবে সংশ্লিষ্ট সেবা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে স্কাইস।’
দেশটির উচ্চ বাজেট ঘাটতি কমাতে আগামী কয়েক বছরে ১০ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। তার সরকারের এ ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে গত কয়েক মাসে বেলজিয়ামে কয়েক দফা ধর্মঘট হয়েছে।
স্কাইস জানিয়েছে, জরুরি পরিস্থিতি এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাইট পরিচালনায় প্রয়োজনীয় ন্যূনতম সেবা চালু থাকবে।
তবে ইউরোপের স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ারের অন্যতম প্রধান কেন্দ্র শারলেরো বিমানবন্দর জানিয়েছে, বিমান নিয়ন্ত্রকদের ধর্মঘটের কারণে সারা দেশের সব বিমানবন্দরের কার্যক্রম পুরো এক দিনের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। এতে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারে না।’
ধর্মঘটের সিদ্ধান্তকে শেষ মুহূর্তের সিদ্ধান্ত আখ্যা দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এর পরিণতি হবে ‘ভয়াবহ’।
দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ব্রাসেলস বিমানবন্দর জানিয়েছে, সোমবার অধিকাংশ আগমন ও বহির্গমন ফ্লাইট বাতিল করতে হবে।
রক্ষণশীল ফ্লেমিশ নেতা প্রধানমন্ত্রী ডি ওয়েভার আগামী সোমবারের মধ্যে নতুন ব্যয় সংকোচনমূলক বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছাতে জোট সরকারের অংশীদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
চলতি মাসের শুরুতে জোটের শরিকদের মধ্যে সমঝোতা না হওয়ায় তিনি পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন।
তবে বেলজিয়ামের রাজা ফিলিপ তার পদত্যাগ গ্রহণ করেননি। বরং সংকট সমাধানের জন্য তাকে আরও সময় দিয়েছেন।





