১৬ বছরের ছোট প্রেমিক রহমান শলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। রহমান একজন মডেল। সম্প্রতি প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। তা দেখে মুগ্ধ প্রেমিকা সুস্মিতা সেন।
প্রেমিক রহমানের ওই মিউজিক ভিডিওর একটি টিজার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেছেন অভিনেত্রী। নিচে লিখলেন, ‘সো প্রাউড অব ইউ জান।’ প্রেমিককে নিয়ে গর্বিত প্রেমিকার এই প্রতিক্রিয়া যেন ভিডিওটির থেকেও বেশি মন কেড়েছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।
সুস্মিতার প্রেমিক রহমান শল ও ‘কসৌটি জিন্দেগি কে’ খ্যাত এরিকা জেনিফার ফার্নান্ডেজ অভিনীত নতুন মিউজিক ভিডিও ‘মৌলা’ মুক্তি পেয়েছে গত বুধবার। এটি ‘সারেগামা অরিজিনালস’-এর প্রথম ভিডিও। সেখানে রহমান, এরিকা ও সালমান শেখের ত্রিকোণ প্রেমে মজেছেন দর্শক। ভিডিওর গানটি গেয়েছেন পাপন।
কিন্তু অভিনেত্রী সুস্মিতা সেনের নজরে কেবল তার ‘জান’ রহমান। তাইতো রহমান টিজারটি শেয়ার করতেই সুস্মিতা প্রেম না দেখিয়ে থাকতে পারলেন না। লিখলেন, ‘ওএমজি! লুক অ্যাট ইউ বাবুস! সো প্রাউড অব ইউ!’ তবে তার পরের লাইনে গানের প্রশংসাও করেছেন তিনি।
তবে নজরকাড়া বিষয় ছিল রহমানের ক্যাপশনটি। সহ-অভিনেতাদের এবং গায়ক পাপনের প্রশংসা, বাবা-মার প্রতি শ্রদ্ধা এবং সুস্মিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সবই ছিল সেখানে। শেষে সুস্মিতার দুই মেয়ের উদ্দেশে লেখেন, ‘রোমান্টিক গানে অভিনয় করার অনুমতি দেয়ার জন্য ধন্যবাদ জানাই আমার দুই শয়তান আলিসা ও রেনেকে।’
অভিনেত্রী সুস্মিতা সেনের থেকে তার প্রেমিক রহমান ১৬ বছরের ছোট হলেও তাদের কেমিস্ট্রি দেখে বহু দিন ধরেই মু্গ্ধ সোশ্যাল মিডিয়ার ভক্তরা। তার উপর রহমানকে রেনে ও আলিসার বাবা হিসেবেও বেশ পছন্দ করে নেট দুনিয়া। সুস্মিতার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘুরে আসলেই তা স্পষ্ট বোঝা যাবে।





