রামগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এমপি ড.আনোয়ার খান

লক্ষীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত এ পরিবারের সহযোগিতায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ছুটে আসলেন স্থানীয় সংসদ ড. আনোয়ার খান।

সোমবার রাতে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার খান ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা, ১০টি করে কম্বল দেন। তিনি ১৫টি ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ ১১ হাজার টাকা করে ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১০০ কম্বল পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান ক্ষতিগ্রস্তদের তাদের হাতে তুলে দেন।

এর আগে সোমবার সারাদিন অগ্নিকাণ্ডে ১৫টি পরিবারের পাশে থেকে শুকনো খাবার (চাল, ডাল, তেল, চিড়া, চিনি, নুডুলস), নগদ টাকা এবং কম্বল বিতরণ করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।

২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডুমুরিয়া মসজিদ বাড়িতে বিদ্যুতের খুঁটি থেকে ১৪টি ঘরে সংযোগ দেওয়া হয়। ওই খুঁটির যেকোন একটি সংযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।