চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রতিবেশীর ধর্ষণে এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে জানা গেছে। এ ঘটনার বিচারের আশ্বাস দিয়ে দীর্ঘ ৭ মাস সময় নষ্ট করেছে স্থানীয় মোড়লরা।
শুক্রবার (৯ এপ্রিল) রাতে ওই কিশোরীর মা একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের কাছেই দাবি করা হয় ৫ লাখ টাকা। একই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হাসান ওরফে ইমন (১৯) কড়ল ডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়া নুর হোসেন মেম্বার বাড়ির মোঃ রহমত উল্লাহর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২০ আগস্ট সন্ধ্যায় কিশোরীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন ইমন। এসময় বাড়িটি ফাঁকা ছিল। এরপর একইভাবে তাকে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত ইমন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। কিশোরীর পরিবার বিষয়টি ইমনের বাবা রহমত উল্লাহকে জানালে তিনি স্থানীয়ভাবে মীমাংসা করার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করা হয়।
এই বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল করিম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





