ঢাকা: আসন্ন শিল্পী সমিতির নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন চিত্রনায়িকা পরীমণি। ইলিয়াস কাঞ্চন ও নিপুণের প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করে শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, আমার অনাগত সন্তানের স্বার্থেই নির্বাচন থেকে সড়ে এসেছি। আমি শারীরিকভাবে ফিট না। আর শিগগিরই ইন্ডিয়া যাব চিকিৎসার জন্য। সবকিছু বিবেচনা করে সরে আসা।
তিনি আরও বলেন, আমার অনাগত সন্তানের জন্মের আগে আমি কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। যেহেতু নির্বাচন করতে গেলে সেখানে সময় দেয়া লাগে। এই মুহূর্তে আমি সেই সময়টা দিতে পারছি না। আর তাই আমি নির্বাচন করছি না।
আগামী ২৮ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে এখন সরগরম চলচ্চিত্রাঙ্গন। প্রতিদিনই সেখানে হাজির হচ্ছেন শিল্পী-সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।
গত ১২ জানুয়ারি (বুধবার) চূড়ান্ত হয়েছে এই নির্বাচনের দুটি প্যানেল। একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকছেন বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন গত দুই মেয়াদে দায়িত্বে থাকা মিশা সওদাগর ও জায়েদ খান।
উল্লেখ্য, পরীমণি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে—ইফতেখার শুভর ‘মুখোশ’ ও আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা দুটি। এছাড়াও তার হাতে রয়েছে—‘বায়োপিক’, ‘অন্তরালে’, ‘মা’সহ আরও বেশ কিছু সিনেমা।
প্রভাতনিউজ/এনজে





