মো. মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে সাংবাদিকদের উপর হামলা করে হত্যার চেষ্টা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন।
সোমবার ৭ ফেব্রুয়ারী বেলা ১১টার দিয়ে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় সাংবাদিক নেতারা সাংবাদিকদের উপর হামলাকারী চেয়ারম্যান শাহ জালাল মালসহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, অন্যাথায় সামনে আরো কঠিন আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দেন তারা।
উল্লেখ্য, ৩ ফ্রব্রুয়ারী বৃহস্পতিবার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের গোপানী এলাকায় খাশ জমিতে মাছের ঘের নির্মানের সংবাদ সংগ্রহ করতে গেলে চেয়ারম্যান শাহ জালাল মাল ও তার ভাই মিন্টু মালসহ তাদের সন্ত্রাসী বাহিনী স্থানীয় দৈনিক হুংকার পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও চ্যানেল এস এর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুল তার সহকর্মী দীপ্ত টেলিভিশন শরীয়তপুর প্রতিনিধি রাজিব হোসেন রাজন এবং চ্যানেল এস এর ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ঢালী উপর হামলাকেই চালিয়ে গুরুতর আহত করেন। গুরুতর আহত খোরশেদ আলম বাবুল শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় খোরশেদ আলম বাবুল বলেন দক্ষিণ তারাবুনিয়ার গোপানী এলাকায় প্রায় ৪০ একর খাস জমি দখল করে অবৈধভাবে মৎস্য খামার (মাছ চাষের ঘের) তৈরীর কাজ শুরু করে। মৎস্য খামার তৈরী করতে গিয়ে সেখানে বসবাসরত ১০/১২টি পরিবারকে উচ্ছেদ করার জন্য বল প্রয়োগ করছেন। অনেক পরিবার ইতোমধ্যে বাড়ি-ঘর ভেঙ্গে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যে সকল পরিবার এখানে ৫০/৬০ বছরের বসত বাড়ির মায়া ছাড়তে পারেনি তাদের বাড়ি-ঘর ভেকু দিয়ে গুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে এই চেয়ারম্যান। এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাই, সেখান থেকে ফেরার পথে আমরা মাল বাজার আসলে সন্ত্রাসী শাহ জালাল ও তার বাহিনী আমাদের উপর হত্যার উদ্দেশ্য হামলা চালায়। এছাড়া বিভিন্ন সময় চেয়ারম্যান শাহ জালাল মালের রিলিফ দূর্নীতি, প্রকল্পের টাকা মেরে খাওয়া, ত্রাসের রাজত্ব নিয়ে রিপোর্ট করায় আমাদের উপর হামলা করেন বলে জানান তিনি।
এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, হামলার ঘটনায় আজ একটি মামলা দায়ের করেছেন সাংবাদিক খোরশেদ আলম বাবুল, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রভাতনিউজ/এবিএস





