অধিনায়কত্বের ম্যাচে বোপারার বল টেম্পারিং বিতর্কে সিলেট

খেলা: সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে লড়ছে সিলেট ও খুলনা। ম্যাচের আগে হুট করে বদলে যায় সিলেটের অধিনায়ক। মোসাদ্দেককে সরিয়ে দায়িত্ব দেয়া হয় ইংলিশ ক্রিকেটার রবি বোপারাকে। মাঠে নামার পর বোপারা বিতর্ক ছড়ালেন বল টেম্পারিং করে।

নেতৃত্ব পাওয়ার ম্যাচের নবম ওভারেই বোপারার ওই কাণ্ড। টিভি পর্দায় স্পষ্ট ধরা পড়ে, নখ দিয়ে বল খুঁটছেন বোলার বোপারা। আম্পায়ারদেরও চোখ এড়ায়নি তা। ওভারের তৃতীয় ডেলিভারির পর বল পরখ করে দেখেন তারা। আকৃতি পরিবর্তন হওয়ায় তাৎক্ষণিক বদলে ফেলা হয় বল। পাশাপাশি ৫ রান যোগ করা হয় খুলনার স্কোরে।

বিপিএলের সব আসর মিলিয়ে বল টেম্পারিংয়ের কারণে শাস্তি হওয়ার ঘটনা এটিই প্রথম। বদলে নেয়া বল দিয়ে পরে ওই ওভারে ও পরে আরো বোলিং করে যান বোপারা।

বিপিএলে অনেক পুরনো মুখ বোপারা। ২০১৩ আসর থেকে এই টুর্নামেন্টে খেলছেন তিনি। এটি তার ৬৬তম ম্যাচ, বিপিএলে বিদেশী ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ।

প্রভাতনিউজ/এবিএস