বাগেরহাটের মোংলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আহাদ মুন্সী (২২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে ২ নম্বর বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেহলাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ড মীর গ্রুপের বালু দিয়ে ভরাট করা জমির পশ্চিম পাশে পশুর নদীর পূর্ব পাড়ে স্থানীয় শুভাষ রায়ের বাড়ি সংলগ্ন নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে মোংলা থানা পুলিশ।
আহাদ মুন্সী রামপালের ৫ নম্বর রাজনগর ইউনিয়নের কালেখারবেড় এলাকার সেকেন্দার মুন্সীর ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।
গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে আহাদ মুন্সী তিনজন সঙ্গীসহ ভ্যান নিয়ে অরিয়ান কো: (সোলার প্লান্টে) গেলে সেখানকার সিকিউরিটি গার্ড তাদের চোর সন্দেহে তাড়া করলে আহাদ মুন্সী পাশের পশুর নদীতে ঝাঁপ দেন এবং অপর তিনজন পালিয়ে যায়। পরে মঙ্গলবার বিকেলে স্থানীয় উজ্বল মিস্ত্রী ৯৯৯-এ ফোন দিলে মোংলা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি আরো জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
প্রভাতনিউজ/এনজে





