ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পুলিশ আহত

রাজধানীর বংশালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় কনস্টেবল নজরুল ইসলামের অবস্থা গুরুতর।

গতকাল বুধবার (২৩ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বংশাল থানার প্রবেশপথের সামনে। ছিনতাইকারী ইমনের সুইচ গিয়ারের আঘাতে তারা সবাই আহত হন।

আহতরা হলেন এসআই এম রবি হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল, সজীব ও শফিকুল আহত হন।

বংশাল থানার ওসি আবুল খায়ের বলেন, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামে ২ ছিনতাইকারীকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের থানার গাড়িতে বংশাল থানার সামনে নিয়ে আসা হয়। থানার প্রবেশপথে গাড়ি থেকে নামিয়ে শরীর তল্লাশি করার সময় হঠাৎ ছিনতাইকারী ইমন সুইচ গিয়ার বের করে ৫ পুলিশকে এলোপাতাড়ি আঘাত করে। এতে ৫ জন আহত হন।

তিনি আরও বলেন, এ ঘটনায় কনস্টেবল নজরুলের অবস্থা গুরুতর। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রভাতনিউজ/এনজে