ঢাকা, ২২ জুন, ২০২২ (প্রভাত নিউজ): সরকারের ১৪টি সংস্থার সমন্বয়ে গঠিত সমন্বিত টিম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সহস্রাধিক বহুতল বাণিজ্যিক ভবন (মার্কেট ভবন) পরিদর্শন করবে।
ডিএনসিসি ও ডিএসসিসি উভয় এলাকা মিলিয়ে প্রাথমিকভাবে ১ হাজার ৭২টি ভবন পরিদর্শনের লক্ষ্যে ইতোমধ্যে ১১টি সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে।
সমন্বিত পরিদর্শন টিমের সকল সদস্যের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আজ বুধবার প্রশিক্ষণের আয়োজন করে। বিডার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের জন্য সার্বিক সহযোগিতা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। ডাইফ মহাপরিদর্শক মো: নাসির উদ্দিন আহমেদ এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
১১ টি সমন্বিত টিমে-কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, তিতাস গ্যাস, বিস্ফোরক পরিদপ্তর, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, ব্যবসায়ী সংগঠনগুলোর এ্যাপেক্স বডি এফবিসিসিআই, ডেসকো, প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, রাজউক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদস্যরা কাজ করবেন। এই পরিদর্শন কার্যক্রম ৮২টি প্রশ্নের নতুন চেকলিস্টের মাধ্যমে সম্পাদন করা হবে।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় বিডার নেতৃত্বে ১০৮ টি টিমের মাধ্যমে সারা দেশের ৫ হাজার ২শ’ ৬টি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
সভাপতির বক্তৃতায় ডাইফ মহাপরিদর্শক বলেন, ‘বাণিজ্যিক ভবনগুলো পরিদর্শনের ক্ষেত্রে পরিদর্শকদের আন্তরিকভাবে কাজ করতে হবে যাতে পরিদর্শন রিপোর্টে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মার্কেটগুলোর সঠিক চিত্র প্রতিফলিত হয়।
ত্রুটি-বিচ্যূতি সংশোধন করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে যথাযথ নির্দেশনা প্রদানের আহবান জানিয়ে তিনি বলেন, ‘এ পরিদর্শন রিপোর্টের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে’।
পরিদর্শনকালে সর্বোচ্চ সহযোগিতার মনোভাব বজায় রেখে পরিদর্শন সম্পন্ন করার জন্যও সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিমের সদস্যদের প্রতি আহ্বান জানান ডাইফ মহাপরিদর্শক।
বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) অভিজিৎ চৌধুরী, ডাইফের অতিরিক্ত মহাপরিদর্শক (যুগ্মসচিব) মিনা মাসুদ উজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





