সন্ধ্যায় বাসায় ফিরবেন খালেদা জিয়া

দীর্ঘ ১৩দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় বাসায় ফিরবেন বলে নিশ্চিত করেছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘দেশে করোনার প্রকোপ আবার বৃদ্ধি পাওয়ায় ম্যাডামকে বাসায় নিয়ে চিকিৎসার করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। তাই আশা করা যাচ্ছে সন্ধ্যায় ম্যাডাম বাসায় ফেরার ছাড়পত্র পাবেন।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করালে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

শুক্রবার (২৪ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার ও ডা. এফ এম সিদ্দিকী এ তথ্য জানান।

তারা জানান, খালেদা জিয়াকে রিং পরানোর পর নতুন সমস্যা সৃষ্টি হয়। সাইড ইফেক্টের কারণে চিকিৎসা দিতে জটিলতা সৃষ্টি হচ্ছে। তারমধ্যে করোনা সংক্রমণ শুরু হয়েছে। সংক্রমণ এড়াতে ঝুঁকি থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। বাসায় তাকে প্রতিনিয়ত মনিটরিংয়ে রাখা হবে। জটিলতা দেখা দিলে হাসপাতালে আনা হবে।

উল্লেখ্য ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে গত ১০ জুন গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়। হাসপাতালের বিশেষ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন। একটি ব্লক অপসারণ করা হলেও খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরও দুইটি ব্লক ধরা পড়ার কথাও চিকিৎসকরা জানিয়েছেন।