৩ দিন বিদ্যুৎ থাকবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য তিন দিন বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে শিক্ষক-শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তি পোহাতে হবে।

বুধবার (২০ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন। এর আগে এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার অর্থাৎ ২১ থেকে ২৩ জুলাই ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রধান প্রকৌশলী বলেন, ‘ক্যাম্পাস বন্ধের দিনে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু দুই দিনে এ কাজ শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।’

বিদ্যুৎ বন্ধ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে জেনারেটরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। বিভিন্ন ল্যাব কক্ষ, ইন্টারনেট সার্ভার রুমসহ কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। ক্যাম্পাসে বিদ্যুৎ বন্ধ থাকলেও হলে চালু থাকবে। তবে রাতে পুরো ক্যাম্পাসই অন্ধকার আচ্ছন্ন থাকবে। 

রাতে যদি একদমই বিদ্যুৎ সংযোগ না থাকে ক্যাম্পাসে তাহলে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।

প্রসঙ্গত, বিদ্যুৎ না থাকায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। অবশ্য এর মধ্যেই কিছু বিভাগ পরীক্ষা নেবে বলে জানিয়েছে। ইতোমধ্যে সাব-স্টেশনের যন্ত্রপাতি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকেই কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।