শুধু এক বছর পর কেন আগামী ১০০ বছরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর মতো শক্তি কারও নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে নগর ভবনে আয়োজিত সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, অপরাধীরা এখন আমাদের জ্ঞান দেন, দুর্নীতিবাজরা আমাদেরেক সবক দেন, অন্যায়কারীরা আমাদের পরামর্শ দেন। তারা জানেন না, বঙ্গবন্ধুকে হত্যা করলেই সব কিছু শেষ হয়ে যায় না। কারণ বঙ্গবন্ধুর অনুসারীরা জানেন কিভাবে শুন্য থেকে শিখরে ওঠা যায়।
আলোচনা সভায় উপস্থিত হয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সেপ্টেম্বর মাস থেকে রাজপথে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজপথে থেকে সব ধরণের ষড়যন্ত্র মোকািবলা করতে প্রস্তুত বাংলাদেশের সর্বস্তরের মানুষ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস কান্নাভেজা কন্ঠে দেশোবাসীর কাছে জানতে চান, কেন আজ তারা পিতৃহীন? তাদের পিতার হন্তারকরা মোটেও বিপথগামী ছিলেন না দাবি করে তিনি বলেন,১৯৭৫ সালে ১৫ই আগস্ট অত্যন্ত সুপরিকল্পিতভাবে নৃশংস এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এ হত্যাকাণ্ডে জেনারেল জিয়াউর রহমান এবং খন্দকার মোশতাক সরাসরি জড়িত ছিলেন দাবি করে তিনি সভায় অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত খুনি চক্র নিত্য-নতুন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। তাঁর দাবি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশের অগ্রযাত্রা রোধ করতে চায় ৭৫ –এর ঘাতকের দালাল ও দোসরেরা। অনুষ্ঠানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়সহ দলের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।





