গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে চার প্রার্থী ভোট বর্জন করেছেন। আজ বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলার বগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সংবাদ সম্মেলনে একযোগে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।
একযোগে চার প্রার্থী ভোট বর্জন করলেও ভোটের মাঠে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। নির্বাচন সংশ্লিষ্ট কোনো ঘোষণা এখনো দেননি।
ব্যাপক অনিয়মের কারণে ১৪৫টি কেন্দ্রের মধ্যে এরই মধ্যে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এর আগে গত ২৩ আগস্ট এই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এই আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট পাঁচজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহমুদ হাসান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম (কুলা) এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবার রহমান (ট্রাক)।
দুই উপজেলা সাঘাটা ও ফুলছড়ির ১৪৫টি ভোটকেন্দ্রের ৯৫২টি বুথ রয়েছে। আসনটিতে মোট ভোটারসংখ্যা তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৭০ হাজার ১৬০ জন এবং পুরুষ ভোটার এক লাখ ৬৯ হাজার ৫৮৩ জন।





