বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে তিন থানায় পৃথক আরও তিনটি মামলা করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক তিন বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন।
টুকুর আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর তিন থানা শাহবাগ, রমনা ও পল্টন থানার নাশকতার মামলায় সুলতান সালাউদ্দিন টুকুকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর ও তোফাজ্জল হোসেনের আদালত পুলিশের করা গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
অপর একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ভিন্ন একটি আদালতে দায়ের করা (সিআর) মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে রিজভীকে।
আইনজীবী নিহার হোসেন ফারুক আরও জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ৭ ডিসেম্বর বিকেলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর পরেই বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে ককটেল পাওয়ার গেছে বলে দাবি করে পুলিশ।





