দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে কেন্দ্র করে নির্মিত হতে যাওয়া একটি সিনেমা ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সিনেমাটির নাম কালা হিরণ : দ্য ব্যাটল ফর লিগ্যাসি। তবে মুক্তির আগেই এর নির্মাতা ও প্রযোজকের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
১৯৯৮ সালে রাজস্থানের কোঙ্কানি গ্রামে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০১৮ সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়, দুদিন জেলও খাটেন। পরে তিনি জামিনে মুক্তি পান। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।
এদিকে পরিচালক ভারত শ্রীনাথ নির্মিত নতুন সিনেমাটির পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনা শুরু হয়। আগামী ২০ জুন ছবিটির টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সালমান খানের আইনজীবীদের পক্ষ থেকে পরিচালক ভারত শ্রীনাথ ও প্রযোজক অমিত জানির কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সিনেমার মুক্তি স্থগিত রাখা, সব প্রচারণামূলক সামগ্রী সরিয়ে ফেলা এবং নিঃশর্ত লিখিত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি মানা না হলে দেওয়ানি ও ফৌজদারি মামলা করা হতে পারে।
তবে প্রযোজক অমিত জানি এই নোটিশকে ভয় দেখানোর চেষ্টা বলে দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, তারকাখ্যাতি দেখিয়ে মানুষকে ভয় দেখানো হতে পারে, কিন্তু তিনি ভয় পান না।
এক সাক্ষাৎকারে অমিত জানি বলেন, এটি সালমান খানের জীবনীভিত্তিক কোনো সিনেমা নয়। তাই এ ধরনের নোটিশের প্রয়োজন ছিল না।
আইনজীবীদের দাবি, মামলাটি এখনো আদালতে বিচারাধীন। এ অবস্থায় মামলাকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ বিচার প্রক্রিয়া ও জনমতকে প্রভাবিত করতে পারে। পাশাপাশি সালমান খানের নাম ও পরিচিতিকে ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে।
তবে এ বিষয়ে এখনো সালমান খান বা তার আইনজীবীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।





